নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের নুরুল্লাপুর মেলার মাঠে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ দৌড় খেলা অুনষ্ঠিত হয়। সুন্দরীপাড়া রুপালী যুবসংঘের উদ্যোগে এর আয়োজন করা হয়। এলাকাবাসী জানায়, প্রতি বছরের ন্যায় মাঘ মাসের মাঝামাঝি নুরুল্লাপুর মেলার মাঠে স্থানীয় ক্লাব গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এ গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
স্থানীয় আব্দুল ওহাব বলেন, এ মাঠে দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আসা অনেক গরু অংশ নেয়। আজকের এ অনুষ্ঠানে প্রতিযোগিদের জন্য ৫টি টিভি ও ২০টি মোবাইল থাকছে পুরস্কারের আকর্ষণ হিসেবে।
আবু নাঈম বলেন, এলাকার লোকজন এই দিনে ষাড় গরুকে সাজিয়ে দুই পাশে রশি ধরে নিয়ে আসে দৌড়াতে। প্রতিটি গরুর সাথে প্রায় শতাধিক লোক থাকে। দৌড় শেষে একটি গাছে বেঁধে রশি ছিড়ে এটার সমাপ্ত হয়। এটাকে মানুষ উৎসব হিসেবে মনে করে। এদিকে গরু দৌড়কে ঘিরে মাঠের আশপাশে বসেছে মেলা। নানাবিধ খাবারের দোকান। এলাকার নারী পুরুষ ও সকল বয়সী মানুষের ভড়ি জমেছে এ গরু দৌড় প্রতিযোগতার মাঠের চারপাশে। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সুন্দরীপাড়া রুপালী যুবসংঘের সভাপতি মো. হুমায়ন কবির মোল্লা প্রমুখ।
