টিকটক দিয়ে আলোচিত ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরও আগে গত রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপুর গ্রামের বাড়ি নোয়াখালীতে। সেখানে একটি মাদরাসায় পড়াশোনা করত সে। টাকার অভাবে মাদরাসা ছেড়ে ঢাকায় চলে আসে। ঢাকায় একটি সেলুনে কাজ করত।
৩ আগস্ট অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ স্বীকার করেছেন অপু। উত্তরা পশ্চিম থানা সূত্র গণমাধ্যমকে জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাচল রোধ করে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।
দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৯ ও ৩৭৯ ধারায় অপরাধ উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
