কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: কেরানীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার করে মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এর নামে চাঁদা উত্তোলন ও উত্তোলিত চাঁদার টাকা আত্বসাতের অভিযোগে কথিত মাদ্রাসা ও এতিখানা লিল্লাহ বোর্ডিং এর পরিচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আজ শুক্রবার সকাল টায় মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি জানানো হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানানো হয় কেরানীগঞ্জ মডেল থানার আরশি নগর এলকায় বাড়ি ভাড়া নিয়ে ইহসানিয়া দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এর নামে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদা উত্তোলন ও উত্তোলিত চাদার টাকা আত্বসাৎ করে আসছিল ঐ চক্রটি। দৃষ্টি প্রতিবন্ধীরা চাঁদা উত্তোলন করলেও তাদেরকে ভাল খাবার দেয়া হত না। এমনকি প্রতিদিন ঐ চক্রের দাবীকৃত নির্দিষ্ট পরিমান চাঁদা দিতে না পারলে দৃষ্টি প্রতিবন্ধীদের মানসিকভাবে নির্যাতন করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে একদল পুলিশ আরশি নগর এলকায় একটি স্কুলের গেটের সামনে মেইন রাস্তায় দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের কাছে মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং নামে চাঁদা উত্তোলনের সময় সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে মাদ্রাসার পরিচলাক মোঃ ইয়াসিন হুজুর ও তার স্ত্রী সীমা আক্তারকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, চাঁদা উত্তোলনের রশিদ ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিন মোঃ আমিনুল ইসলাম,কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর, মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
