নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাচ ২০০৪ উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষক কিংবা ম্যানেজিং কমিটির একক প্রচেষ্টা যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং স্থানীয় সচেতন ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি বিদ্যালয়কে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান মোল্লা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে প্রবাসে অবস্থানরত দুই হাজার চার ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন কমিটির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান মোল্লা, সহ-সভাপতি আব্দুল জব্বার মোল্লা, সদস্য মো. দেলোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য এশা মনি, অভিভাবক সদস্য আব্দুল সালাম ভূঁইয়া, জাকির হোসেন রনি, আসমা আক্তার , ঝর্না আক্তার, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, একেএম সিরাজুল ইসলাম, মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন সাত্তার মোল্লা, ওহাব মোল্লা, করিম মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ব্যরিস্টার ইব্রাহিম কাদরী, উপজেলা বিএনপির কার্যকরী সদস্য রকিব উদ্দিন রকিব, বিএনপি নেতা আব্দুল রাজ্জাক, আবুল কালাম, আব্দুর রহিমসহ আরও অনেকে।
