কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যারা উচ্ছেদ করেছে তারা আজ দেশ ছাড়া। তারা কি কখনো ভেবেছিলেন তাদের এই পরিণতি হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মুসলিমবাগ -মুক্তিরবাগ প্রাথমিক বিদ্যালয় ও আতাশুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরো বলেন, একটি গণতান্ত্রিক সরকার পেতে হলে নির্বাচনের বিকল্প নাই। সেই নির্বাচন আজ দেশে হয়েছে। নিরপেক্ষ অন্ত রবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ সরকার গঠন করেছে। বিএনপি জনগণের সরকার। তাই জনগণের কল্যাণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অতি সাধারণভাবে চলাফেরা করে। আমাদের সবাইকে সেরকম হতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে এক লক্ষ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো গড়ে তোলার চেষ্টা করছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনি বিনামূল্যে ব্যাগ,স্কুল ড্রেস এবং জুতা দিয়েছেন। তাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও করেছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের নির্দেশ দিয়েছেন । আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমি কেরানীগঞ্জে আটটি কলেজ, ২২ টি হাই স্কুল অনেক প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছি।
ঢাকা-২ আসনে কেউ মাদক সেবন করতেও পারবেনা বিক্রিও করতে পারবেনা। কেউ মাদক সেবন ও বিক্রি করতে চাইলে তাকে ধরে পুলিশের সোপর্দ করতে হবে। ঢাকা -২ আসনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ভূমি দস্যুমুক্ত করে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সাংগঠনিক সম্পাদক নিবাস সরকার, বিএনপি নেতা সাইদুর রহমান আঙ্কু, মেহেবুব হোসেন মাহবুব, শামসুল ইসলাম লিটন, আতাউর রহমান হিরা, মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও নাদিম হোসেন লিটন প্রমূখ।
