ঘুষ দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ——গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ঘুষ দুর্নীতি আমাদের দেশে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা সবাই মিলে যদি আমাদের দেশ থেকে ঘুষ দুর্নীতি কমাতে না পারি তাহলে বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।এজন্য ঘুষ দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে উপজেলা দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গয়েস্বর চন্দ্র রায় আরো বলেন, অনেক কষ্টের বিনিময়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমি বারবার জেল খেটেছি। আমার মাথা ও শরীর থেকে রক্ত ঝরিয়েছি। মানুষের সেই ভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি আজ সরকার গঠন করতে পেরেছে।

এরকম নির্বাচন আমরা চেয়েছিলাম। এ ধরনের নির্বাচনকে আমাদেরকে ধরে রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনের পূর্বে একটি রাজনৈতিক দল ভোটারদের বলেছিলেন তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। কিন্তু আমরা কাউকে বেহেস্তে পাঠাতে পারব না। তবে আমরা সবাই মিলে বাংলাদেশকে বেহেস্ত বানাতে পারবো। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, যুগের সাথে তাল মিলাতে হলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষায় রূপান্তরিত করতে হবে। আমাদেরকে কারিগরি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। উন্নত বিশ্বে উচ্চ শিক্ষিত লোকের হার খুবই কম। তারা বেশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেয়। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। মাদক দেশ সমাজ ও পরিবারের শত্রু।

ছেলেদের চেয়ে এখন মেয়েরাই বেশি মাধক কেনাবেচার সাথে জড়িত হচ্ছে। তাই মাদক সেবীকে ও মাদক বিক্রেতাকে আপনারা পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি মহল্লায় মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখার বিএনপির সহ-সভাপতি হাজী ওমর শাহা নেওয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ হোসেন, মোহাম্মদ আজাদ হোসেন, আবু জাহিদ মামুন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *