সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল সাভার বাসস্ট্যান্ড সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় একদল ব্যক্তি কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করেন।
ঘটনাস্থল থেকে প্রথমে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) এবং মো. রাসেল (১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদক বেচাকেনা বেড়ে যায়। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
