মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি দ্রুতই বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচি কিভাবে দৃশ্যমান করা যায় এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। এই উদ্দেশ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা অঈিকার তা বাস্তবায়নে আমরা আজ সবচেয়ে জনগুরুত্বপুর্ন শুভাঢ্যা খালের পুনঃখনন কাজ দেখতে এসেছি। খালের প্রথম ধাপটি শেষ হতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এলাকাবাসীর প্রয়োজনে আমাদের মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিত করে খালের পাশে ড্রেনেজ ব্যবস্থা করা হবে। খাল খনন কর্মসূচি একটি বিপ্লব একটি আন্দোলন। তিনি আজ সকালে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালের পুন: খনন কাজের পরিদর্শন কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর এ কে এম শাহাবুদ্দিন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। মন্ত্রী আরো বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে আন্দোলনটি শুরু করেছিলেন মাঝপথে এটা অনেক বাধা-বিপত্তির মধ্যে পড়ে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ কে হাতে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আমরা এই কঠিন চ্যালেঞ্জটি ধারণ করি। তিনি বলেন, জনস্বার্থে জনগণের প্রয়োজনে জনগণের দাবির প্রেক্ষিতে শুভাঢ্যা খালের বিষয়ে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। খালের প্রথম ধাপটির শেষ হওয়ার পাশাপাশি এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় ধাপটি কিভাবে দ্রুত শেষ করা যায়। তাহলে আমাদের জনসাধারণ প্রকৃত এবং সম্পূর্ণ যে সুবিধাটা পাবেন সেইদিকে আমাদের নজর দেয়া। এই প্রকল্পটি সম্পূর্ণ করতে গেলে অত্র এলাকার যারা সুবিধাভোগী এবং উপকারভোগী রয়েছেন তাদের সহযোগিতা লাগবে। এই খালে এত পরিমান বর্জ্য নিক্ষেপ করা হয়েছে এগুলো যদি অপসারণ না করা হয় তাহলে আমরা এই খালটি থেকে সুবিধা নিতে পারব না। খালের অনেক জায়গায় অবৈধভাবে বাড়িঘর দোকানপাট নির্মাণ করা হয়েছে সেগুলো জনস্বার্থে এলাকার লোকজনের নাথে আলাপ-আলোচনা করে এবং সবার সহযোগিতা নিয়ে বিরোধীয় বিষয়গুলি নিষ্পত্তি করতে চাই। আমরা এই প্রকল্পটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং এই এলাকার স্বার্থে সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে এই খালের সুবিধাটা জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা সক্ষম হব। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আটি জয়নগর এলাকায় আটি খাল পরিদর্শনে যান। এ সময় ঢাকা -২ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান মন্ত্রী কে খালটি ঘুরে দেখান।
