কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সাভারের হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. আপন ইসলাম আগুন (২৬)। শনিবার সন্ধ্যা ৭ টায় আমিনবাজার বোরদেশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর বাবার নাম মো. শামসুল হক। তার বাড়ি আমিনবাজার বোরদেশী পশ্চিমপাড়া এলাকায়। আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমকালে টহল দল কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে মাদক কারবারী আপন ইসলাম আগুনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭,৪৫০ টাকা, ২টি মোবাইল ফোন, ছিনতাইকাজে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ, ২টি এফেড্রিন ইনজেকশনযোগ্য মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
