বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুই জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও আট জন। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী জানান, বুধবার (২৫ মার্চ) ভোর ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বিজয়নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানোর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মতিউর রহমান (৩৫) এবং ট্রাক চালক পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকার আবুল কাশেমের ছেলে টুটুল (২৭)।

মতিউর রহমান একজন বাস চালক হরেও তিনি দুর্ঘটনাকবলিত বসের যাত্রী ছিলেন।

আহতদের গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল বারী বলেন, ভোরে রাজশাহী থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বিজয়নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“এরপর ট্রাকটি গাছে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গিয়ে উল্টে যায়। বাসিটিও দুমড়েমুচড়ে রাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

আব্দুল বারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মীরা গিয়ে আহত আট জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *