নিজস্ব প্রতিবেদক: পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে চরম দারিদ্র্যের মাঝে ৪৫ বছরের দাম্পত্য জীবন পার করা সেই দেলোয়ার-রহিমা দম্পতির পাশে দাঁড়ালেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শহরের লঞ্চঘাট এলাকায় ওই দম্পতির ঝুপড়ি ঘরে গিয়ে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় ইউএনওর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, প্রকাশিত সংবাদ দেখে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে থাকা দেলোয়ার-রহিমা দম্পতিকে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা দিয়েছি।
যেহেতু তাদের মূল বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়, সে কারণে তাদের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে যখন অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা কিংবা সংসার ভাঙার খবর প্রায়ই শিরোনাম হয়, তখন রহিমা-দেলোয়ার দম্পতি আমাদের জন্য ভিন্ন একটি দৃষ্টান্ত। দারিদ্র্যরে মধ্যেও তারা কখনও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। নতুন প্রজন্মের দম্পতিদের জন্য তারা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদাহরণ।
