আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের ভাতা প্রদান করা হবে -ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের বেকার ভাতা প্রদান করা হবে। যেসব বেকাররা শিক্ষা জীবন শেষ করবে তারা চাকুরিতে প্রবেশ করার আগে এক বছর পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের বেকার ভাতা প্রদান করা হবে ।

গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের আঁটি নয়াবাজার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নয়াবাজার ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি জাকারিয়া হাবিবের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম হাসান,শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান প্রমূখ। অনুষ্ঠান শেষে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবায়েদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *