নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় ৪৫ কেজি রুপাসহ চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার মৈনটঘাটের সামনে থেকে তাদের আটক করে মাহমুদপুর ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলেন, ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট এলাকার বাবর আলী মোল্লার ছেলে হায়দার আলী মোল্লা,একই এলাকার আসলাম খানের ছেলে মিরাজুল ইসলাম, হাফিজুল হকের ছেলে কামরুজ্জামান, কাজী মো. হাফিজুল হকের ছেলে মো. আসাদুজ্জামান। তাদের চারজনেরই বাড়িই ফরিদুপর সদরের পুরাতন বাসস্ট্যান্ডের লাক্সারী হোটেলের পাশে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মৈনটঘাট দিয়ে স্পীডবোট করে তারা ফরিদপুর থেকে চোরাচালান মালামাল নিয়ে ঢাকা যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমের নেতৃত্বে এএসআই দিনেশসহ পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধায় চোরাচালান চক্রের চারজনকে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৫ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।
দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, এসআই শাহ আলমের দক্ষতার কারনে চোরাচালান চক্রের সদস্যদের আমরা ধরতে পেরেছি। ওসি স্যার মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমাদের অভিযান অব্যাহত রাখব।
