নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এসময় ৪০ কেজি ইলিশ মাছ, একটি নৌকা ও ১৬ লাখ দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের একটি দল উপজেলার পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম।
আটকৃত জেলে আদেল (৪৪) উপজেলার দুবলী হাসির মোড় এলাকার মান্নান মুন্সির ছেলে। ইয়াকুব (২০) ও বিল্লাল উপজেলার বিলাশপুরের কুলছড়ি গ্রামের মোহাম্মদ সারেং এর ছেলে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহরুল ইসলাম বলেন, আমাদের অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের একটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^ও আলম বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে । ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
