কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ও ১১ টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার দুপুরে মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ বাচ্চু (৫৫),মোহাম্মদ নজরুল (২৫),মোহাম্মদ ফারুক হাসান (৩০),মোহাম্মদ আরিফুল (৩০),মোঃ রিপন শেখ (৪০) ও দ্বীন ইসলাম (৪০)।তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকা থেকে অটোরিকশা ছিনতাই ও চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল।
এসব অটোরিকশা অতি সহজেই হাত বদল হয়ে যেতো। তাই ছিনতাইকারী গ্রেফতার হলেও অটোরিক্সা গুলো উদ্ধার করা সম্ভব হতো না।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রুহিতপুর ইউনিয়নসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সঙ্ঘবদ্ধ অটোরিকশা ক্রয় বিক্রয় চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ১১ টি চোরাই অটোরিকশা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশা গুলির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ টাকা । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ইন্সপেক্টর অপারেশন মুন্সি আশিকুর রহমান।
