মুন্সিগঞ্জ সিরাজদিখানে ৪ মাস ধরে ব্যবসায়ী নিখোঁজ

লতা মন্ডল- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৯) চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। গত ৪ জুলাই সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় ৬ জুলাই বড়ভাই নিরঞ্জন পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ দিনেও সুদেব পালের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছেন।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়িতে ভাড়া থাকেন। বড়ভাই নিরঞ্জন পাল বলেন, ৪ জুলাই সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশে রওনা দেয় সুদেব। ওই দিন সন্ধ্যায় কল করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর থেকে নিখোঁজ রয়েছে সে। তিনি আরও বলেন, নিখোঁজের কিছুদিন পর (০১৯৫৩১১৮৮২৭) নাম্বার থেকে ফোন করে নগদের মাধ্যমে টাকা দাবি করা হয়। এসব বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি। নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, বুঝতে পারছি না।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও সুদেব পালকে না পাওয়ায় বিষয়টি পিবিআইকে জানিয়েছি। আমরাও তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *