নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২২৯টি দূর্গা মন্ডপে জিআর চাল উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দোহার উপজেলায় ৪০টি মন্ডপ ও নবাবগঞ্জ উপজেলায় ১৯০টি মন্ডপে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পূজামন্ডপ কমিটির কাছে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি জিআর চাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যাক্তিগত তহবিল হতে ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লার মাধ্যমে নগদ সাড়ে এগারো লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, ইব্রাহিম খলিল, ওয়াদুদ মিয়া, বশির আহমেদ, একেএম মনিরুজ্জামান তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, মাহমুদা আক্তারসহ পূজামন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতুবৃন্দ উপস্থিত ছিলেন।
