দোহারে বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় মো. আসাদ (২২) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করেছে একই এলাকার আকবর হোসেনের ছেলে ইয়াসিন (২০)। ২৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয় আসাদ। সে জয়পাড়া কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় চুরি ও মাদকের ব্যবসা করে আসছে লটাখোলা এলাকার আকবর হোসেনের ছেলে ইয়াসিন। এনিয়ে অনেকে প্রতিবাদ করেন। গত তিন দিন আগে রাতের বেলা বখাটে ইয়াসিন রড হাতে আসাদদের বাড়ির সামনে যায়। এসময় আসাদ তাকে ডেকে কেন এসেছে জিজ্ঞাসাবাদ করে। পরে ইয়াছিন সেখান থেকে চলে যায়। ঘটনার তিনদিন পর বেলা ১২টার দিকে আসাদ লটাখোলা পালবাড়ি এলাকায় প্রধান সড়কে উঠলে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই সামনে থেকে এসে আসাদের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ইয়াসিন। পরে মাটিতে লুটিয়ে পরে আসাদ। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। দোহার থানার উপ-পরিদর্শক মো. শফিউল্লাহ রহমান জানান, ঘটনার পর আমরা আসামির বাড়িতে যাই। কিন্তু বাড়ির সবাই ঘর দালাবদ্ধ রেখে আত্মগোপনে চলে যায়। তবে আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে আহতের মামা মো. খলিল বাদি হয়ে দোহার একটি অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *