নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঢাকার দোহার উপজেলার ‘দোহার পৌরসভার’ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। ০৬ জুন সোমবার রাতে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচনের তফসিল অনুসারে ২৮ জুন মনোনয়নপত্র দাখিলে শেষদিন । আগামী ৩০ জুন যাচাই-বাছাই, ৭ জুলাই প্রত্যাহার ও ভোট গ্রহণ ২৭ জুলাই।
উল্লেখ্য, দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সীমানা জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বেশ কিছু মামলার কারণে গত ২২ বছর পৌরসভার নির্বাচন হয়নি।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ২২ বছর পর দোহার পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সকলের সহযোগিতা কামনা করে দোহারবাসীর সার্বিক সহযোগিতায় নির্বাচন কমিশন পৌরবাসীকে একটি সুন্দর পৌরনির্বাচন উপহার দিবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
