কেরানীগঞ্জে প্রিজনভ্যানে বাসের ধাক্কায় ১৭ বন্দিসহ ২ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা ১৭ জন বন্দিসহ আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। এ সময় প্রিজনভ্যানে ৩৭ জন বন্দি ছিলো। ৬ জুন সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) পশ্চিম পাশে ঢাকা-মাওয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানান, সন্ধ্যার দিকে আদালত থেকে নতুন-পুরাতন বন্দিদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। মাওয়া হাইওয়ে থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। তিনি আরও জানান, আহত ৫ আসামিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস্ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম জানান, বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু বন্দি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *