নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার পর রোববার (২৯ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে দুইটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে উপজেলার কার্তিকপুর বাজারের ‘দোহার- নবাবগঞ্জ জেনারেল হাসপাতালকে সিলগালা ও ২ হাজার টাকা জরিমানা এবং কার্তিকপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালাসহ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার জয়পারায় অবস্থিত আশা ক্লিনিকের নিবন্ধন ২০১৮ সাল থেকে নবায়ন না থাকায় ২ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে যাবতীয় কাগজপত্র নবায়ন করার আল্টিমেটাম দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. জসিম উদ্দিন। অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশ।
