নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে দিনব্যাপী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি। রোববার (৯ এপ্রিল) সকালে উপজেলার চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন। এছাড়া বিদ্যালয়ের প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রূপন করেন। এতে তার দৌহিত্ররা অংশ নেয়।
বৃক্ষরোপন শেষে সালমান এফ রহমান উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত শিশু কিশোরদের সাথে অংশ নেন। এসময় উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গানের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। তাদের অংশ গ্রহণ শেষে সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সায়ান রহমান শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় সালমান এফ রহমান বলেন, আমি নির্বাচনের সময় দোহার-নবাবগঞ্জবাসিকে যে সকল ওয়াদা দিয়েছি আজ তা বাস্তবাতনের পথে। তবে আজ কোনো উন্নয়ন নিয়ে কথা বলবো না। আজ আমি এসেছি আগামী দিনে যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অংশ নিবে যে সকল শিশুদের সাথে মিশে আমার শৈশবে ফিরে যেতে। সালমান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাচ্চাদের অনেক ভালোবাসতেন, মায়া করতেন। তিনি ছিলেন শিশুবন্ধু। তাই শিশুরা ও তাকে অনেক পছন্দ করতেন।
অনুষ্ঠানে সালমান এফ রহমানের সফর সঙ্গী ছিলেন বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সায়ান এফ রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবার স্বপ্ন দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
এসময় নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, ইউপি চেয়ারম্যান জলিল বেপারী, হুমায়ুন কবির, পলাশ চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
