নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা সুজন চন্দ্র মণ্ডল (৪২) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি রাজধানীর ধানমণ্ডি ২নং রোডের আ লা গ্রিক মেডিটেরিয়ান চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫শে আগস্ট রাত ৯:৩০ মিনিটের দিকে রেস্তোরাঁ থেকে চা খাওয়ার কথা বলে নিচে নামে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে রেস্টুরেন্টে ফিরেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও তখন বন্ধ ছিল।
এ ঘটনায় নিখোঁজ সুজনের স্ত্রী ধানমণ্ডি থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেছেন।
নিখোঁজের স্ত্রী বলেন, ২৬শে আগস্ট আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না এমন খবর পেয়ে ওই দিনই রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীর একে অপরের কথাবার্তা যথেষ্ট অসংলগ্ন মনে হওয়ায় আমি ধানমণ্ডি থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করতে যাই। কিন্তু থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেননি।
এ ব্যাপারে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলম মিয়া বলেন, রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। ওই জিডির সূত্র ধরে আমরা নিখোঁজ সুজনের মোবাইল ট্র্যাকিং করে অবস্থান জানার চেষ্টা করছি। তার পরিবারের সদস্যদেরকে থানায় আসতে বলেছি। অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছি।
এদিকে, ২৬শে আগস্ট র্যাব ব্যাটেলিয়ান-২ এর কমান্ডার বরাবর সুজন চন্দ্র মণ্ডলকে উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে স্ত্রী কণিকা রানী মণ্ডল নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি আবেদন করেছেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সুজন চা খাওয়ার কথা বলে নিচে নামে। আমাদেরকে রেস্টুরেন্ট রক্ষিত সিসি ক্যামারার ভিডিও ফুটেজে দেখানো হয়। সেখানে দেখা যায়, সুজন দোতলা থেকে নিচতলায় নামছে। কিন্তু নিচতলায় রক্ষিত ক্যামেরায় সুজনের কোনো মুভমেন্ট দেখা যায়নি।
