মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে অসহায় অবহেলিত ছেলে মেয়েদের জন্য নির্মিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিশুদের মাঝে তুলে দেয়া হয়েছে নতুন বই, নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুরা। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। বছরের প্রথমদিনই নতুন বই পেয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের চোখে মুখে হাসি ফুটে উঠে। বই বিতরণ অনুষ্ঠান শেষে এলজিএসপি-৩ এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিদ্যালয়ে একটি ল্যাপটপ ও প্রিন্টার মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের উপদেশ মেনে চলবে। সত্য কথা বলবে, মন দিয়ে পড়াশোনা করবে।
এসময় উপস্থিত ছিলেন, এলজিএসপি-৩ এর কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী, মাহমুদপুর ইউপি সচিব আফরোজা, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলা আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।
