মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর-সাহরাইল-মানিকনগর সড়কে ট্রাক চাপায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ২জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর জিগাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক র্দূঘটনা ঘটে। এ র্দূঘটনায় নিহতরা হলেন-উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত কুকারাম মন্ডলের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র মন্ডল (৪৯) ও সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে মো. হাতেম আলী (৭৮)।
স্থানীয়রা জানান-সিংগাইর থেকে ছেড়ে আসা ১টি ট্রাক জিগাতলা ব্রীজের কাছে পৌঁছায়। ব্রীজটি ভাঙ্গা থাকায় ট্রাকটি পেছনে ব্যাক দেয়। ব্যাক দেয়ার সময় রাস্তায় ট্রাকের পেছনে থাকা স্থানীয় হাতেম আলীকে চাপা পরে। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রাক নিয়ে দ্রুত পালাতে গিয়ে রাস্তার চলন্ত সিএনজিকে চাপা দিলে যাত্রী নারায়ণ চন্দ্র মন্ডল আহত হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।এতে দু,পরিবারেই চলছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার এস আই সোবহান মিয়া জানান, নিহত দুই পরিবারের আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
