নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে অবস্থিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বছরের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নদীভাঙনে সহায়-সম্বল হারানো মানুষের আশ্রয়ের ঠিকানা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গড়ে তোলা হয় মাহমুদপুর আশ্রয়ন প্রকল্প। তিন শতাধিক পরিবারের আবাসস্থল হিসেবে গড়ে উঠা এ প্রকল্পে ছিলনা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। হতদরিদ্র পরিবারগুলোর দাবির প্রেক্ষিতে সেখানে থাকা শিশু কিশোরদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করার প্রয়াসে কাজ শুরু করেছিলেন দোহার উপজেলার প্রাক্তণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আল আমিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে প্রতিষ্ঠনটির নামকরণ করেছিলেন ‘শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়’। কিন্তু বদলিজনিত কারণে শেষ করে যেতে পারেননি। তবে থেমে থাকেনি জনবান্ধব এই উদ্যোগটি। মাহমুদ ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সহযোগিতায় বিদ্যালয়ের কাজ এগিয়ে নিয়ে যান বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। তাঁর হাত ধরেই ২০১৯ সালের ৩ জানুয়ারি বৃহস্পতিবার শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন বই।
