নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাস ও দোকানে আগুন লাগে। বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপপরিচালক হাফিজুর রহমান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। অগ্নিকাণ্ডে উপজেলার বান্দুরা বাস স্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও ১৫টি দোকান পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছে । তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
