রাজশাহী থেকে এসএ পরিবহনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল বিপুল পরিমাণ নকল সিগারেট। তবে পুলিশের জালে আটকা পড়েছে এক কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকার নকল সিগারেটের চালান।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নগরীর কুমারপাড়া এলাকার এসএ পরিবহনের বুকিং অফিসের গুদাম থেকে এসব সিগারেট জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- কাভার্ডভ্যান চালক নগরীর মেহেরচন্ডি এলাকার ওয়াহাব আলীর ছেলে নবাব আলী (৩০), এসএ পরিবহনের শাখা ব্যবস্থাপক লিটন চন্দ্র সূত্রধর (৪৩), প্রতিষ্ঠানটির পার্সেল সহকারী সাফিউল আলম (৩৮) ও ইউসুফ আলী (৪০)।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় ওই চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) বিকেলের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় ওই চারজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে। বিকেল ৪টার দিকে গ্রেফতারদের আদালতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের জন্য আবেদনও জানানো হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে নগর গোয়েন্দা পুলিশের এসআই ছয়ফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এসএ পরিবহনের বুকিং অফিসের টিনসেড গুদামে অভিযান চালান। ওই সময় রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে নকল সিগারেট সরবরাহকালে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে এক হাজার প্যাকেট পাইলট, সাড়ে ছয় হাজার প্যাকেট গোল্ড লিফ এবং ৯ হাজার প্যাকেট স্টার সিগারেট জব্দ করা হয়।
এর মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৮০০ গোল্ডলিফ, পাইলট ও ডার্বি সিগারেটের মোড়ক, পাঁচ লক্ষাধিক রাজস্ব স্ট্যাম্প, চারটি ডেলিভারি চালান ও ক্যাশ মেমো। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা।
