দোহারে দক্ষিণ জয়পাড়ায় অস্ত্রসহ খলিলকে গ্রেফতার করেছে র্যাব
ঢাকার দোহারে অস্ত্র ও ইয়াবাসহ খলিলকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোরে খলিলকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। খলিল উপজেলার দক্ষিণ জয়পাড়া (বটিয়া) গ্রামের মৃত মন্নাফ বেপারীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার, একটি দেশীয় তৈরি অস্ত্র হাসুয়া, একটি চাপাতি ও ১০২টি ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার খলিলের বিরুদ্ধে দোহার থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
