স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন। বুধবার মগবাজারে অবস্থিত রাশমনো স্পেশালাইজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক সন্তান জন্ম হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদটি এলাকায় জানাজানি হলে চাঞ্চলতার সৃষ্টি হয়। ওই গৃহবধূ উপজেলার শোল্লা ইউনিয়নের কুমল্লি গ্রামের পলাশ সরকারের স্ত্রী।
গৃহবধুর বড় ভাই ডা. মিঠুন মন্ডল জানান, গত ২০ জুলাই তার বোন জলি সরকারকে ঢাকার মগবাজারের রাশমনো স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালের চিকিৎসক ডা. আতিয়া পারভীনের তত্ত্বাবধানে ছিলেন জলি। বুধবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
ডা. মিঠুন মন্ডল আরো জানান, ৯ বছর আগে পলাশ সরকারের সাথে তার বোন জলি সরকারের বিয়ে হয়। এতদিন পলাশ ও জলি দম্পত্তির কোন সন্তান হয়নি। এতদিন পর এক সঙ্গে জমজ তিন সন্তান হওয়া খুশি তারা। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে। এতে ওই গৃহবধূর পরিবারে আনন্দ বিরাজ করছে।
