২ বছর পর ফিরলেন গেইল আর ৯ বছর পর এডওয়ার্ডস

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতে নিয়মিত ও পরীক্ষিত তারকাদের বড় অংশকে বাংলাদেশ সফরে পাঠাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তুলনামূলক অনভিজ্ঞ ও আনকোরা দল নিয়ে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরলেও, ওয়ানডেতে ধবলধোলাই-ই হয়েছিল ক্যারিবীয়রা।

তাই এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে আবারও পরিচিত মুখদের দলে ফিরিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এর মধ্যেই রয়েছে চমক। প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরেছেন ক্রিস গেইল। আর ৯ বছরের অপেক্ষা ফুরিয়েছে ডানহাতি পেসার ফিদেল এডওয়ার্ডসের।

সবশেষ ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ৩৯ বছর বয়সী এডওয়ার্ডস। আর শেষ টি-টোয়েন্টি খেলেছেন একই বছরের সেপ্টেম্বরে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদে স্কোয়াডের গভীরতা বাড়াতেই নেয়া হয়েছে এডওয়ার্ডসকে।

অন্যদিকে গেইল জাতীয় দলে ফিরলেন প্রায় ২ বছর পর। সবশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানদে সিরিজই ছিল তার শেষ মাঠে নামা। আর টি-টোয়েন্টি শেষ খেলেছেন ঐ একই বছরের মার্চে। এবার জাতীয় দলে সুযোগের আভাস পেয়ে পিএসএল ছেড়ে চলে গেছেন গেইল।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে রাখা হয়েছে গেইল-এডওয়ার্ডস দুজনকেই। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার। করোনাভাইরাসের কারণে বিবেচনায় রাখা হয়নি আন্দ্রে রাসেলকে।

এদিকে কুড়ি ওভারের সিরিজের পরেই আছে ওয়ানডে ক্রিকেটের খেলা। তিন ম্যাচের সেই সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জেসন হোল্ডারকে। এছাড়া ওয়ানডে দলে রাখা হয়েছে কাইল মায়ারস, রোমারিও শেফার্ড এবং জেসন মোহাম্মদকেও।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মার্চ। এরপর ১০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের ক্যারিবীয় সফরটি শেষ হবে ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *