ডেস্ক রিপোর্ট : ১০০ বিঘা ধানের জমিতে এবার আঁকা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।বিশাল এ কর্মযজ্ঞে ব্যবহার করা হবে সোনালি ও বেগুনি জাতের ধান। নতুন এ শস্য শিল্পের দৈর্ঘ্য হবে ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। এর জন্য বগুড়ার শেরপুরে জমিও নির্ধারণ করা হয়েছে। ২৯ জানুয়ারি থেকে জমিতে ধানের চারা রোপণ শুরু হবে বলে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহাউদ্দীন নাছিম। বঙ্গবন্ধুর এই চিত্রকর্মটিই হবে বিশ্বের সর্ব বৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক বা শস্য শিল্প।আগামী ২১ ফেব্রুয়ারি শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মের প্রয়োজনীয় সব তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। শিল্পকর্ম বাস্তবায়ন কমিটির প্রত্যাশা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন এই বিশ্ব রেকর্ড উদযাপন করবে বাঙালি। বিশাল এই কর্ম বাস্তবায়নের জন্য কাজ করছে প্রশিক্ষিত ১০০ জন বিএনসিসি ক্যাডেটসহ খ্যাতিসম্পন্ন কৃষিবিদরা।
