সোনারগাঁ প্রতিনিধি, (নারায়ণগঞ্জ ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের সময় তাদের গ্রেফতার করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জসিমউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে।
এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
