আরিফ মৃধা, প্রতিনিধি (সৌদি আরব): সৌদি আরবে করোনায় এখন পর্যন্ত ৩৭৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন। এই ৩৭৬ জনের মধ্যে সবাই করোনা পজেটিভ বা করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। এদের মাঝে ৫ জন বাংলাদেশি ডাক্তারও আছেন। করোনায় সৌদিতে এখন পর্যন্ত ৩৭৬ বাংলাদেশির মৃত্যু গত ১৭ জুন সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের এক অনলাইন মিটিং এ গোলাম মসীহ এ সকল তথ্য নিশ্চিত করেন।
গত ( ১৮ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এ সকল তথ্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এছাড়া ঐ অনলাইন মিটিং এ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশি প্রবাসী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোলাম মসীহ। সেই সাথে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে বিদেশে নিহত হওয়া বাংলাদেশীদের জন্যও শোক প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, তাঁরা প্রায় ৩০ হাজার সৌদি প্রবাসীকে খাদ্য সহায়তা দিয়েছেন। সমগ্র সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশীদের ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৬০ জন ডাক্তার নিয়োগ করা হয়েছে। যারা ইতিমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হচ্ছে ও খোঁজখবর রাখা হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে যে সকল প্রবাসী মারা গেছেন তাদেরকে দাফন করার সকল ধরনের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষ চার্টাড বিমানের সহায়তায় তাদের দেশে পাঠানোর উদ্যোগও নিয়েছে দূতাবাস। রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন আরো বলেন, কেবলমাত্র বাংলাদেশি প্রবাসীদের কথা ভেবেই আমরা পাসপোর্টসহ অন্যান্য সেবা এই করোনা পরিস্থিতিতেও প্রদান করে যাচ্ছি। তিনি সৌদি আরবের বাদশাহ কিং সালমানকে বিনামূল্যে সকল প্রবাসীদের চিকিৎসা সেবা প্রদানের ব্যাবস্থা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
