লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মধুটুকি গ্রামের বাসিন্দা সঞ্জিব মন্ডল (৩৭) নামে এক ব্যক্তি গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ^নাথ মন্ডল ও দূর্গা রানী মন্ডলের ছেলে। নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।
পরিবার ও থানায় জিডি সূত্রে জানা যায়, সঞ্জিব মন্ডল ঢাকার স্বামীবাগে ইস্কন মন্দির সংলগ্ন একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে স্বামীবাগ ইস্কন মন্দিরের পাশের দিপ্ত সাহা কম্পিউটার দোকান থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের আগে গত ৯ এপ্রিল সকাল ৬টা ২২ মিনিটে তিনি তার বড় ভাই রাম মন্ডলের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সঞ্জিব মন্ডলের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমন্ডল গোলাকৃতি। নিখোঁজের সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল বলে জানিয়েছে পরিবার।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ১৯ এপ্রিল ২০২৬ইং তারিখে ঢাকার গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯১৮) ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে অভিযোগ করেছেন তার বড় ভাই রাম মন্ডল।
পরিবারের পক্ষ থেকে সঞ্জিব মন্ডলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজের বড় ভাই রাম মন্ডল ও বড় বৌদি চম্মা রানী মন্ডল বলেন, গত ১১ দিন ধরে আমার ছোট ভাই সঞ্জিব মন্ডল নিখোঁজ রয়েছে। এ নিয়ে আমরা চরম উদ্বেগের মধ্যে আছি। থানা পুলিশকে জানালেও এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি।
