সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে এক বিউটি পার্লার কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক আছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধল্লা ইউনিয়নে বাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত-মনির হোসেন ধল্লা এলাকার ইকরাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্যাতনের শিকার জনৈক তরুনী ঢাকার একটি বিউটি পার্লারে চাকুরি করতেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নিজেই একটি বিউটি পার্লার দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সুবাধে গত ৩ সেপ্টেম্বর ধল্লা এলাকায় একটি বাসা ভাড়া নেন তিনি। কিন্তু ব্যাচেলর হওয়ায় শুক্রবার তাকে বাসাভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেন বাড়ির মালিক। এরপর নতুন বাসা খুঁজতে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মনির হোসেন, আনিছ ও ফুলচান মিয়া তাকে বাসা দেখানোর কথা বলে একটি ফাঁকা স্থানে নিয়ে যান। এরপর পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তারা চলে যাওয়ার পর ওই তরুনী প্রথমে ধল্লা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনা জানান। এরপর অভিযুক্ত মনির হোসেনকে শুক্রবার রাতে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে যান। ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
