মো.রকিবুল হাসান বিশ্বাস: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত,১ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন-মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আওরমাড়া গ্রামের আছালত খানের পুত্র আশরাফ খান,মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের শিশু পুত্র আব্দুল্লাহ (৮)। আহত হলেন-মোটরসাইকেল আরোহী আশরাফের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুরগামী পিকআপের সাথে বিপরীতগামী মোটরসাইকেল ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকার সাবেক আব্দুল আলী চেয়ারম্যানের বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ভিতর যাত্রীসহ ও মোটরসাইকেল আরোহী রাস্তার দক্ষিণ পাশে পানিতে পড়ে ডুবে যায়।
স্থানীয়রা দেখে তাৎক্ষনিক পানিতে নেমে পিকআপের যাত্রীদের উদ্ধার করতে পারলেও ৮ বছরের শিশু নিখোঁজ হয়। পরে সাভার ও মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দু,ঘন্টা চেষ্টা চালিয়ে শিশু আব্দুল্লাহর মৃত দেহ উদ্ধার করেন। অপরদিকে,মোটরসাইকেল আরোহীসহ পিছনে থাকা কর্মচারি গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা কর্মচারিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এতে নিহতদের পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।
