মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশুসহ ২ জন নিহত ও ৪ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর এলাকার মো.নাজিম উদ্দিন(৬০),নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার কাশিমপুর এলাকার মো.রুমান মিয়ার ৬ মাসের শিশুপুত্র ইলফা।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা গামী ট্রাক ( ঢাকা মেট্রো ১১-৫১৫৪) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ মাসের শিশুসহ ২ জন মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।
