সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে এক সন্তানের জননী (২০) কে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলা অভিযুক্ত হলেন- উপজেলার শায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের কালাম গাজীর ছেলে নাজমুল গাজী (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের জনৈক এক সন্তানের জননী (২০) নিজ ঘরে কাজ করছিল। এ সময় একই গ্রামের কালাম গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) সুযোগ বুঝে ভিকটিমের ঘরে ডুকে দরজা লাগিয়ে দেয়। পরে ওই নারীকে নাজমুল গাজী জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি ভিকটিম তার স্বামীকে জানালে তারা সিংগাইর মামলা দায়ের করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা মামলার বিষয়টি সোমবার (২০ সেপ্টেম্বর) নিশ্চিত করে বলেন- অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
