ঢাকার সাভার উপজেলার বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ১টার দিকে টহল কার্যক্রমের সময় বক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বিকাশ রাজবংশী (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে।
পরে সেনাবাহিনীর টহল দল ওই তথ্যের ভিত্তিতে বেদে পল্লী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়।
আটকের পর তার কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন।
আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
