মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে খুরশিমূল বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক ও নয়াপাড়ার সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ভাটি অঞ্চলের লক্ষাধিক মানুষ। সড়কের পিচঢালা ৮০ শতাংশই ওঠে গেছে। রাস্তাটি প্রস্থে অনেক সরু হওয়ায় দুটি রিকশাও পাশাপাশি ক্রসিং করতে পারছে না। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন জনগণ। ইতোমধ্যে অনেক দুর্ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় চালকরা যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি পার করছেন। এতে অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
শিবির বাজারের পর নয়াপাড়া গ্রামের মেইন রোডের সেতুটির দুটি বড় অংশ দীর্ঘদিন ধরে ভাঙা। এ সেতুর প্রায় ৯০ শতাংশই এখন নষ্ট। বহুদিন আগে সাময়িকভাবে স্টিলের পাটাতন বসানো হলেও সেই অস্থায়ী ব্যবস্থায় এখনো অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা, এমনকি মালবাহী লরি চলাচল করছে।
স্থানীয়রা জানান, সরু রাস্তা ও ভাঙা ব্রিজের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে পারাপার হচ্ছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ছোট পাইকুড়া, খুচীরগাঁও, করনশ্রী, উলোকান্দা, দাসপাড়া, জগদিশপুর, মানারকান্দী, খুরশিমূল, শিয়াধার, রামপাশা, বলদর্শী, পেরির চর, গৌরাকান্দা, মল্লিকপুর, নয়াপাড়া, পাড়ারতিয়ারকোনাসহ প্রায় ১৬টি গ্রামের মানুষের মোহনগঞ্জ পৌর শহরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। মোহনগঞ্জ উপজেলার প্রকৌশলী মো. ইকরামুল হক জানিয়েছেন, মোহনগঞ্জ থেকে খুরশিমূল যাওয়ার পথে খুচীরগাঁও এলাকার কালভার্টের অনুমোদন পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদার নিয়োগের পর কাজ শুরু হবে।
