শ্রীনগরে লিজ সম্পত্তি বিক্রিসহ সরকারী রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

 এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী নিয়মনীতি ভঙ্গ করে বে-আইনীভাবে লিজ সম্পত্তি বিক্রিসহ সরকারী রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় রাঢ়ীখাল মৌজার ১৯ শতাংশ সরকারী লিজ সম্পত্তি শর্ত ভঙ্গ করে বিক্রির অভিযোগ উঠে বালাশুর বানিয়া এলাকার কফিল বেপারীর ছেলে রুবেল বেপারীর বিরুদ্ধে। লীজ সম্পত্তিসহ সরকারী রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করছেন ঐ এলাকার বাদশা খানের স্ত্রী ময়না বেগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  উত্তর বালাশুর নতুনবাজার এলাকার বাছার বাড়ীর সামনে সরকারী ৪০ ফিটের সরকারী রাস্তার অংশ দখল করে ক্রয়কৃত লীজ সম্পত্তিতে দেয়াল নির্মান করছেন ময়না বেগম। সরকারী রাস্তার সংলগ্ন পূর্ব পাশে উত্তর দক্ষিনে প্রায় ১শত ফিটের একটি দেয়াল নির্মান করছেন তিনি। সরকারী রাস্তার জায়গা  দখল করে দেয়াল নির্মান করায় ঐ রাস্তায় যানচলাচলসহ পথচারীদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানান।

লীজ সম্পত্তি ক্রয় করে দেয়াল নির্মাণের ব্যাপারে ময়না বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গত দুই পূর্বে ১৯ শতাংশ লীজ সম্পত্তি কফিল বেপারীর ছেলে রুবেল বেপারীর কাছ থেকে ১১ লক্ষ টাকা গন্ডা( ৭ শতাংশে ১গন্ডা) ধরে দখলস্বত্ব ক্রয় করে এখানে দেয়াল নির্মাণ করছি। আপনারা এব্যাপারে কফিল বেপারীর ছেলে রুবেলের সাথে কথা বলেন।

শর্ত ভঙ্গ করে লীজকৃত সম্পত্তির বিক্রির ব্যাপারে রুবেল বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দখলদার ময়না বেগম এর কাছে এই জায়গা বিক্রি করেছি। আপনাদের যে কাজ আপনারা করেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতান বলেন, এই রাস্তাটি ৪০ ফিট। রাস্তার কাজের অনুমোদন এসেছে। কিছু দিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। রাস্তায় কেউ দেয়াল নির্মাণ করলে সরকারীভাবে ব্যবস্থা নেয়া হবে।

রাঢীখাল ইউনিয়ন সহকারী তহসিলদার আমির হোসেন বলেন, আমরা খোঁজ নিয়ে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিব এবং কেউ যদি লীজের শর্ত ভঙ্গ করে সম্পত্তি হস্তান্তর করে থাকে তাহলে তার লীজ বাতিলের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *