এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবাহমান একটি সরকারী খাল ভরাট ও বিন্ডিং উত্তোলন করে দখলের অভিযোগ উঠেছে।
উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের পূর্ব বাড়ৈখালী এলাকার মানিক বিবি নামে পরিচিত সরকারি খালটির মাটি কেটে ভরাট ও বিন্ডিং উত্তোলন করে দখলের অভিযোগ উঠে ঐ এলাকার নাজির ও আকাশ গংয়ের বিরুদ্ধে। এতে খালের পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে ১২ টায় সরেজমিন দেখা গেছে, উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের পূর্ব বাড়ৈখালী সোনামিয়া মেম্বার বাড়ি, নাপিতবাড়ী ও দিঘীর পূর্বপার্শ্ব দিয়ে বয়ে যাওয়া খালটি পূর্ব বাড়ৈখালী এলাকার নাজিরের ছেলে জাহিদুল, মৃত শেখ বাবুলের ছেলে আকাশ, ও নরেশ,পরেশগং সরকারি খালের মাটি কেটে ভরাট ও বিন্ডিং উত্তোলন করছেন। এতে খালের পানি প্রবাহ পথ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রবাহমান খালটি মরাখালে পরিণত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ইছামতি নদীর বাড়ৈখালী ব্রীজ থেকে উৎপত্তি হয়ে পূর্ব বাড়ৈখালী সোনা মিয়া মেম্বারের বাড়ি,নাপিতবাড়ী ও দিঘীর পূর্বপার্শ্ব দিয়ে বয়ে গিয়ে মানিক বিবি নামের খালটি আড়িয়াল বিলের বড় খালে সংযোগ হয়। এই খালটি প্রাচীন একটি খাল। খালটি ভরাট করা হলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হবে বর্ষা মৌসুমে। পুরো এলাকাসহ আশপাশ এলাকার ড্রেনের পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে অভিযুক্ত নাজির ছেলে জাহিদুল বলেন, খালের পাড়ের রাস্তাটি প্রভাব খাটিয়ে খালের পশ্চিমপাড় দিয়ে না নির্মাণ করে পূর্ব পাড় দিয়ে নির্মাণ করেছে। তখন আমরা বাধা দিয়েও বন্ধ করতে পারিনি। রাস্তাটি পশ্চিম পাশ নির্মাণ করে রাস্তায় জায়গায় খাল পূনঃ খনন করুক তাতে আমাদের কোন আপত্তি নেই।
এবিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
