কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা প্রশাসকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগে মেসার্স কাকলি এন্টারপ্রাইজ ও মেসার্স জাজিরা এন্টারপ্রাইজ নামে দুইটি ইটভাটাকে তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় ওই ইটভাটা দুইটিতে রাখা কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয় এবং লাইসেন্স পুনরায় রেনু না হওয়া পর্যন্ত ইটভাটা দুইটিকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া বলেন, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে কেরানীগঞ্জের সকল অবৈধ ইটভাটায় আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছি। এখানে জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা পরিচালনা করতে পারবে না।
