শ্রীনগরে কোচিং করাতে বাধা দেয়ায় প্রধান শিক্ষককে মারধর 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার খোলে পড়াতে নিষেধ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে।  বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে  উপজেলার  শ্রীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দেওয়ানকে মারধর করার অভিযোগ উঠে ঐ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক অধীর চন্দ্র দত্ত, মোঃ মুরাদ হোসেন ও গোবিন্দ চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে।

এ সময় সহকারী এই তিন শিক্ষক বিদ্যালয়ের অফিস কক্ষ ভাংচুরসহ বিদ্যালয়ের মূল্যায়ন আসবাবপত্র বিনষ্ট করেন। শিক্ষকদের  মারামারির ও ভাংচুরের শব্দে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা আতংকে চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। শিশুদের চিৎকার ও কান্নাকাটি শুনে আশেপাশের লোকজন ও অভিভাবকরা দৌড়ে এসে প্রধান শিক্ষককে সহকারী শিক্ষকদের মারধর থেকে রক্ষা করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার ও  শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন।

অ়ভিভাবকরা জানান, প্রধান শিক্ষক মৃদুল দেওয়ান তার স্কুলের  সহকারী শিক্ষকদের কোচিং সেন্টার খোলে ছাত্রছাত্রীদের পড়াতে নিষেধ করেন এবং সকাল নয়টার মধ্যে শিক্ষকদের স্কুলে হাজির থাকতে বলেন। এ নিয়ে প্রধান শিক্ষকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সহকারী শিক্ষকরা। আজকে গোবিন্দ স্যার সকাল ৯টার পরে স্কুলে আসলে হেড স্যার তাকে প্রবেশ করতে নিষেধ করায় সহকারী শিক্ষকরা স্যারকে মারধর শুরু করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদৃুল দেওয়ান জানান, আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কোচিং খোলে ছাত্রছাত্রীদের কোচিং করাতে নিষেধ করে আসছি। এনিয়ে কয়েক দফা মিটিং করেও নিষেধ করেছি। কিন্তু সহকারী শিক্ষকরা আমার কথা অমান্য করে কোচিং চালিয়ে যায়। এতে তারা আমার উপর ক্ষোভ প্রকাশ করে আসছে। এই নিয়ে সহকারী শিক্ষকরা আমার উপর হামলা চালিয়ে আমাকে মারধর করে আহত করে।

এব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন বলেন, এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *