শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, শিশু ও নারীসহ গুলিবিদ্ধ-১৫

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনা শিশু ও নারীসহ অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে তারাবির নামাজের পর রাতের দিকে মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, সাফি বেগম,জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আহত মিজানুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *