নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হবে। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এবারের লকডাউনে বিধিনিষেধ ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘অফিস আদালত, গার্মেন্টস ফ্যাক্টরিসহ সবকিছু বন্ধ থাকবে। এ পর্যন্ত যত সর্বাত্মক কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে সেভাবেই চলবে। যেহেতু মানুষের প্রয়োজন হবে না বাইরে আসার, আগে অফিস আদালতে যেতে হতো, গার্মেন্টস কারখানায় যেতে হতো, এবার তা হবে না। তাই গতবাবের চেয়েও বিধিনিষেধ কঠোর থাকবে।’
লকডাউন চলাকালে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ও ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। সোমবার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে অন্যান্য লকডাউনে গার্মেন্টস খোলা থাকলেও আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনে গার্মেন্টসওে বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।
লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। কঠোর বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।
