কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. নিপুন রায় চৌধুরী এমপি বলেছেন, শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হলে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । বর্তমানে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে শিশু ও নারী নির্যাতন বেশি হচ্ছে। শিশু,নারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ কেউই সাইবার বুলিংয়ের হাত থেকে রেহাই পাচ্ছে না। নারী ও শিশুরা সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। খুব শীঘ্রই ডিজিটাল প্লাটফর্মে নারী ও শিশু নির্যাতন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ।
প্রত্যেকটি ইউনিয়নে শিশু ও নারী সুরক্ষা কমিটি গঠন করতে হবে। দেশের আলোচিত রামিসা হত্যাকান্ডে সরকার দ্রুত ৬কার্যদিবসে আসামীদের মৃত্যু দন্ডের আদেশ প্রদান করেছে। আমরা আগামীতে খুব অল্প সময়ের মধ্যে এই মৃত্যুদন্ডের আদেশ কার্যকর দেখতে পাব বলে বিশ্বসি করি।
তিনি আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের সাথে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম, খুনের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সছাত্তার বেগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালসহ অন্যান্যরা।
