‘মা’ ইলিশ সংরক্ষণে নবাবগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে৷ দেশে ইলিশের চাহিদা মেটাতে ‘মা’ ইলিশ সংরক্ষণ করতে রাজধানীর ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরসহ গ্রামের বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করেন রাজিবুল ইসলাম। এসময় তিনি বাজারের মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জাতীয় মাছ ইলিশের প্রয়োজনীয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন৷ এমনকি সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যেন বাজারে ইলিশ মাছ বিক্রি না করেন সেই বিষয়েও তাদের সচেতন করেন সহকারী কমিশনার (ভূমি)৷ এছাড়া বাজার সমিতির সদস্যদের সাথেও কথা বলেন। ‘মা’ ইলিশ রক্ষা করতে এবং দেশে ইলিশের চাহিদা মেটাতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত কেউ যেন ইলিশ মাছ বিক্রি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি৷

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বলেন, প্রথমদিন থেকেই ‘মা’ ইলিশ রক্ষায় বাজারে বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছি৷ আজও নবাবগঞ্জের বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করেছি৷ ৪ নভেম্বরের আগে কেউ ইলিশ মাছ ধরলে, ক্রয়-বিক্রয় করলে দন্ডনীয় অপরাধ। এই অপরাধে কারাদণ্ড-অর্থদণ্ড বা উভয়দণ্ডে শাস্তি হতে পারে৷ আপনারা নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন৷ দেশে ইলিশের চাহিদা মেটাতে ‘মা’ ইলিশ রক্ষা করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *