মান্দায় গ্রামীণ সড়কের দুই পাশের তালগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর এলাকায় একটি গ্রামীণ সড়কের দুই পাশের কচি তালগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সরকারি কোনো উন্নয়ন প্রকল্প ছাড়াই নির্বিচারে গাছগুলো কেটে ফেলায় স্থানীয় পরিবেশ এবং বজ্রপাত থেকে সুরক্ষায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবেশ সংরক্ষণ, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়কের সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে বান্দাইপুর সড়কের দুই ধারে অসংখ্য কচি তালগাছ বেড়ে উঠছিল। কিন্তু শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে যায়। রোববার (৫ জুলাই) সকালে স্থানীয়রা রাস্তার দুই পাশে সারি সারি কাটা তালগাছ পড়ে থাকতে দেখে ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে মান্দার ইউএনও আখতার জাহান সাথী জানান, সরকারি সড়কের পাশ থেকে এভাবে নির্বিচারে তালগাছ কেটে ফেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আইনবিরোধী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামীণ পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে এসব গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *